লক্ষ্মীপুরে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ মার্চ, ২০১৯ ৪:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনী উঠান বৈঠকে গোবর ছোঁড়া নিয়ে নৌকা ও দোয়াত কলমের চেয়ারম্যান প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের দলের অস্থায়ী কার্যালয়ে আবুল কাশেমের (নৌকা) পক্ষে সংবাদ সম্মেলন করে।


এদিকে দুপুর ১২ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম সালাহ উদ্দিন টিপু (দোয়াত কলম) পৃথক সংবাদ সম্মেলন করেছেন। টিপু সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি।


নৌকার প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় শহরের সমসেরাবাদ এলাকায় নৌকার প্রচারণা সভা চলাকালে নেতা-কর্মীদের লক্ষ্য করে গোবর ছোঁড়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন।

এসময় কয়েকজন নেতার গায়ে গোবর লেগে তারা লাঞ্চনার শিকার হন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবী জানান তিনি। একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে বহিরাগত অস্ত্রধারীরা এলাকায় অবস্থান করাসহ নৌকার কর্মী সমর্থকদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান জেলা আওয়ামী লীগ সভাপতি।


অন্যদিকে, লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, নৌকার প্রার্থীর জনপ্রিয়তা শুন্য দেখে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করছে তারা। ভোটের মাঠে জনগণের কাছে না যেয়ে কিছু সেলফিবাজ নেতা তাদের বাসায় বসে উল্টো পাল্টা বকছেন। সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চাচ্ছি। এছাড়া আওয়ামী লীগের উঠান বৈঠকে গোবর নিক্ষেপের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন