লক্ষ্মীপুরে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার প্রতিবাদ সভা
লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেলের নামে মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় দালাল বাজার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দলীয় ব্যানারে এ আয়োজন করা হয়।
এসময় ভূক্তভোগী বিএনপি নেতা ও দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল তার নামে অপপ্রচারের বিরুদ্ধে বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন চৌধুরী পারভেজ, তমিজ উদ্দিন চৌধুরী ও শাহাদাত হোসেন কামালসহ অঙ্গসংগঠনের নেতকার্মীরা।
কামরুজ্জামান সোহেল বলেন, ২০১১ সালে আমি দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াত যৌথভাবে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। তখন ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি নিয়ে দূর্বৃত্তরা। ঘটনাটি আমি তাৎক্ষণিক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। এরপর সদর থানার তখনকার ওসি আমাকে কল দিয়ে বলে ‘আমি বাদী হবো নাকি আসামি’। যেহেতু কারা ছবি নিয়েছে আমি দেখিনি। তখন আমি অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করি। পরে পুলিশ আওয়ামী লীগ নেতাদের যোগসাজসে চার্জশীট দেয়। চার্জশীটের বিষয়ে আমার কিছু জানা ছিল না। এখন ওইসব ঘটনায় দলের কিছু লোক আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, আমি কখনো অন্যায়ভাবে কারো কাছ থেকে এক টাকা নিইনি।
কারো কাছ থেকে চাঁদাবাজি করেছি, এমন তথ্য কেউ দিতে পারবে না। রাজনৈতিক প্রতিহিংসাবশত একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির অভিযোগ তুলছে। আমি ১৯৮৮ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। চেয়ারম্যান হওয়ার পরে আওয়ামী লী-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ওপর অনেক অত্যাচার করেছে।
আমি যদি আওয়ামী লীগের দোষর হতাম, তাহলে তারা আমার ওপর নির্মম নির্যাতন করতে পারতো না। দলের স্বার্থে আমি সকল নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করে আসছি। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করবো।
প্রসঙ্গত, রোববার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম-আহবায়ক ফখরুল ইসলাম স্বপনকে শারিরীক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। সদর উপজেলার কাচারিবাড়ি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিএনপি নেতা সোহেলের বিরুদ্ধে শারিরীক নির্যাতনসহ চাঁদাবাজির অভিযোগ আনেন। চররুহিতা ইউনিয়নের একটি ফসলি জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার (৭ ডিসেম্বর) রাতে দালাল বাজার খোয়াসাগর দিঘী এলাকায় সোহেল ও স্বপনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।