লক্ষ্মীপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে মামার বাড়িতে বেড়াতে এসে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মেহেদি হাসান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাটোয়ারী তেমুহনী এলাকায় আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদি ঢাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। ৫ দিন আগে সে রামগতির রামদয়াল এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, ঘটনাস্থলে মেহেদি রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অটোরিকশাটি জব্দ করে। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।