লক্ষ্মীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত, গাছের চারা বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর রহমতখালী খালে এক হাজার মাছের পোনা অবমুক্ত ও দেড় হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌর শিশু পার্ক এলাকায় খালে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া ঝুমুর এলাকাসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপন ও পথচারীসহ বিভিন্ন পেশার লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি সবসময় দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা নানান উদ্যোগ নিয়েছি। এরমধ্যে এক হাজার মাছের পোনা রহমতখালী খালে অবমুক্ত করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করেছি, পথচারীসহ সাধারণ মানুষের মাঝে বিতরণও করেছি। উপজেলা ভিত্তিকও আমাদের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন