রায়পুরে ৪০ মণ জাটকা জব্দ, ৫ জনের জরিমানা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ মার্চ, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনা নদীতে মাছ শিকার করায় ৫ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪০ মণ জাটকা জব্দ করা হয়। শনিবার (২০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী।

উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, ইলিশের অভয়াশ্রম হওয়ায় মার্চ-এপ্রিল লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর একশ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ১ বছরের কারদণ্ড,  জরিমানা ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার নদীর রায়পুরের বিভিন্ন স্থানে জেলেরা মাছ শিকারে নেমেছে।

সরকারি আইন বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশের নিয়মিত যৌথ অভিযানে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ৫ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ মণ জাটকা, দুটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, জাটকা পরিবহণের উদ্দেশ্যে ব্যবহৃত দুটি ভ্যানগাড়ি ও ১০ হাজার মটিার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে বিনষ্ট ও নৌকাগুলো মৎস্যবিভাগরে জিম্মায় রাখা হয়। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের এতিমখানা, মাদ্রাসা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার করে ২৫ হাজার টাকা আদায় করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামায় ৫ জেলের জরিমানা করা হয়। জব্দকৃত মাছ এতিমখানা, মাদ্রাসা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। অভয়াশ্রমে ইলিশ সংরক্ষণে সরকারি আইন বাস্তবায়নে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, নিষেধাজ্ঞার ২০ দিনে লক্ষ্মীপুরের মেঘনার বিভিন্ন এলাকায় মাছ ধরায় ১১ টি মামলায় ২৭ জনের জেল হয়েছে। এরমধ্যে ৯ জন বর্তমানে কারাগারে রয়েছে। বাকিরা জামিনে আছে। ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত প্রায় আড়াই টন জাটকা বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন