রায়পুরে তিনদিনে ৫০ নৌকা, ৫ লাখ মিটার জাল জব্দ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২০ ৭:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়ায় গত তিনদিনে ছোট-বড় ৫০টি নৌকা ও ৫ লাখ মিটার জাল জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের উপজেলা কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ডের হায়দরগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, বুধবার (১৫ এপ্রিল) থেকে শনিবার পর্যন্ত রায়পুরে মেঘনা নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাছ ধরার ৫০ টি নৌকা জব্দ করা হয়। এসময় জব্দকৃত ৫ লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত নৌকার মূল্য প্রায় দেড় কোটি ও জালের মূল্য প্রায় ১ কোটি টাকা। নৌকাগুলোর উপজেলা মৎস্য বিভাগকে হস্তান্তর করা হয়েছে। হায়দরগঞ্জ ক্যাম্পের কন্টিজেন্ট কমান্ডার আবদুর রহমানের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ প্রায় ২ মণ পোয়া মাছ উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের সমন্বয়ে স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে অভিযানে কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি।

রায়পুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নদীতে মাছ শিকার রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আমাদের টহল টিম উপকূলীয় এলাকায় করোনা প্রতিরোধেও অভিযান পরিচালনা করছে।

রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। নৌকাগুলো আমাদের অধীনে রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন