রামগতিতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে পা ধোয়ার সময় পড়ে গিয়ে পুকুরের পানিতে ডুবে হালিমা আক্তার (৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার চর হাসান-হোসেন গ্রামে বাড়ির সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা একই গ্রামের হাফেজ মাছুম বিল্লার মেয়ে। সে স্থানীয় একটি নূরানী মাদরাসার ছাত্রী ছিলো।
পরিবারের লোকজন জানায়, ঘটনার আগ মুহুর্তে হালিমা ঘর থেকে বের হয়ে বাড়ির সামনের দিকে যায়। কিছুক্ষণ পর তার দেহ পানিতে ভাসতে দেখা যায়৷ পরে সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুকুরে পা ধোয়ার সময় পিছলে পড়ে গিয়ে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ ছিলো না। এতে মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।