রামগঞ্জে বহিরাগতদের হুমকিতে আতঙ্কে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন খানকে (আনারস) নির্বাচন থেকে সরে যেতে হুমকিসহ ভয়ভীতি দেখানো হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী শাহনাজ আক্তারের অনুসারী বহিরাগতরা আমিরের নেতাকর্মীদের প্রচারকাজে বাধা দিচ্ছে। তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভোটের মাঠে বিভ্রান্তি ছড়াচ্ছে। রোববার (২১ নভেম্বর) বিকেলে শ্রীরামপুর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তোলেন।
এসময় তিনি প্রচারণা, সুষ্ঠু নির্বাচন ও ভোটগ্রহণের নিশ্চয়তায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। একইসঙ্গে ভোটকেন্দ্রগুলো অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভোটচলাকালীন প্রতিটি কেন্দ্রে একজন করে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানান তিনি।
আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ খান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জামাল হোসেন সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিলন পাটওয়ারী ও ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন ভূঁইয়াসহ অনেকে।
আমির হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত ১৬ নভেম্বর তাকে বহিস্কার করে উপজেলা আওয়ামী লীগ।
আমির হোসেন বলেন, নৌকার প্রার্থী শাহনাজ আক্তার জনবিচ্ছিন্ন। আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটি মেনে নিতে না পেরে তার পক্ষে বহিরাগতরা এসে সভা-সমাবেশ করে আমার উদ্দেশ্যে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দিয়ে আসছে। আমার নেতাকর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। নৌকার প্রার্থী প্রচারণায় আচরণ বিধি মানছেন না। পেশি শক্তি প্রদর্শন ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করতে চাচ্ছে। এতে আমিসহ নেতাকর্মী-সমর্থক ওভোটাররা আতঙ্কে রয়েছে।
প্রসঙ্গত, ২৮ নভেম্বর রামগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নের নির্বাচন হবে।