রামগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থীর বাড়িতে হামলা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০১৮ ৮:৩৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে সরকারদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।

 

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জের পূর্ব করপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে বেশ কয়েকটি  চেয়ার-টেবিল ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

 

বাধা দিতে গেলে নারীসহ কয়েকজন নেতাকর্মীকে মারধর করেন হামলাকারীরা। সরকার দলীয় নেতাকর্মীরা এ হামলা চালায় বলে সেলিমের অভিযোগ। সেলিম এ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও লিভারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব।

 

সেলিম জানান, ধানের শীষ সমর্থিত নেতাকর্মীরা তার বাড়ির সামেনে ক্যাম্পে বসে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিল। দুপুরে হঠাৎ করে সরকার দলীয় লোকজন মিছিল নিয়ে এসে বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারিরা বাড়িতে থাকা কয়েকজন নারীসহ নেতাকর্মীদের মারধর করে।

 

একপর্যায়ে হামলাকারীরা বেশকিছু চেয়ার-টেবিল ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় তারা তিন জন সমর্থকের তিনটি মোবাইল ফোন নিয়ে চলে যান। নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন