মুশু চেয়ারম্যানের মৃত্যুতে ইউএনওর শোক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২০ ৩:৩৭ অপরাহ্ণ

 লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারেফ হোসেন মুশু পাটয়ারী (৪৯) আর নেই। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুশু পাটওয়ারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাহারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান।
তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম।
প্রায় ১৮ বছর তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মুশু পাটোয়ারী দায়িত্ব পালন করে আসছিলেন। সবশেষ ২০১১ সালে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর সীমানা জটিলতার কারণে লাহারকান্দি ইউনিয়নে আর নির্বাচন হয়নি।
জানা গেছে, মুশু পাটওয়ারী ১৯৭১ সালে লাহারকান্দি ইউনিয়নের নুরুল হক পাটওয়ারী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা রাজ্জাকুল হায়দার পাটওয়ারীও একই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মুশু মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ গুণগ্রাহী রেখে গেছেন।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান জানান, বেলা ১১ টার দিকে মুশু চেয়ারম্যান পরিষদ থেকে বের হয়েছেন। এরপর তিনি উপজেলা পরিষদে যান। সেখানে হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুশু পাটওয়ারী দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন।
এসময় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Aa

মতামতের জন্য সম্পাদক দায়ী নন