মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, আবারও বিয়ে করলেন ইভা রহমান

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৭ অপরাহ্ণ

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন গায়িকা ইভা রহমান। শুধু বিচ্ছেদের খবরই নয়, ফের বিয়েও করেছেন ইভা। তার বিয়ের খবরটি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন গায়ক রবি চৌধুরী।

ইভার নতুন স্বামী সোহেল আরমান ঢাকার সন্তান। পেশায় ব্যবসায়ী। ইভার সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল। সে পরিচয় থেকেই তারা সম্পর্কে জড়ান এবং অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জানা গেছে, বেশ কয়েক বছর আগেই মাহফুজুর রহমানের সঙ্গে ইভা রহমানের সম্পর্কের অবনতি হয়। এ কারণে তারা আলাদা থাকতেন। অবশেষে চলতি বছরের জুনে তারা বিবাহবিচ্ছেদ করেন। ১৭ সেপ্টেম্বর সেই বিচ্ছেদের কাগজ হাতে পান ইভা। এর দু’দিন পরই (১৯ সেপ্টেম্বর) নতুন বিয়ের পিঁড়িতে বসেন ইভা।

ইভা রহমান বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন বলে জানা গেছে। তার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও একটি পোস্ট দিয়েছেন রবি চৌধুরী। বিস্তারিত না বললেও তিনি জানালেন, ইভা বিয়ে করেছেন। এটি গোপন করার কিছু নেই। তবে, এর বেশি কিছু বলতে নারাজ তিনি।

এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন ইভা রহমান। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সঙ্গে সখ্য। এরপর প্রেম, প্রেমে থেকে বিয়ে। আর বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশ দেখা গেছে। কিন্তু দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে বেশ কিছুদিন আগেই।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন