‘ভোটে জিততে আ.লীগ লক্ষ্মীপুরে ত্রাসের রাজত্ব কায়েম করছে’
নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এখানে আওয়ামী লীগের কোন ভোট নেই। তারা ভোটের হিসাব বুঝে গেছে।
বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে বিমানমন্ত্রী শাহজাহান কামাল পুলিশ প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করছেন। ভোটে জিততে আওয়ামী লীগ লক্ষ্মীপুরে ত্রাসের রাজত্ব কায়েম করছে। কিন্তু লক্ষ্মীপুরের মানুষ সংগ্রাম করে রাজনীতি করে। এখানকার মানুষ রাজনৈতিকভাবে সচেতন। কোন অন্যায়, রক্তচক্ষু ও অস্ত্রের ঝনঝনানিতে তারা অতীতেও মাথা নত করেনি।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে শহীদ উদ্দিন চৌধুরীর লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসার সামনে আয়োজিত সংবাদ সম্মলেন তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল খালেদ ও পৌর ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।