ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি কমাতে গণপরিবহন চালুর দাবি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ মে, ২০২১ ১০:০০ অপরাহ্ণ

ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের পথে পথে ভোগান্তি, ভাড়া নৈরাজ্য ও গাদাগাদি করে যাতায়াতের কারণে যে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে তা কমাতে গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে একদিকে সরকার ঘোষিত লকডাউনে দূরপাল্লার বাস সার্ভিস বন্ধ অন্যদিকে ঈদের ছুটিতে রাজধানীতে হোটেল রেস্তোরাঁ ও পয়ঃশৌচাগারসহ মানুষের মৌলিক চাহিদার উপাদানগুলো বন্ধ। এছাড়াও ঈদের ছুটিতে বছরে একবার পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হওয়ার দীর্ঘদিনের গড়ে উঠা সংস্কৃতির কারণে অবর্ণনীয় দুর্ভোগ মাথায় নিয়ে প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক-পিকআপে গাদাগাদি করে, কেউবা শত শত মাইল পায়ে হেঁটে, ফেরিতে গাদাগাদি করে পার হয়ে, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়ে ঈদে বাড়ি পৌঁছানোর চিত্র আমার প্রত্যক্ষ করেছি।

মোজাম্মেল হক বলেন, ‘আবার ঈদ শেষে একই পন্থায় সংক্রমণের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে তারা কর্মস্থলে ফিরছেন। এহেন পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জরুরি ভিত্তিতে আন্তঃজেলা ও দূরপাল্লার নন-এসি বাস সার্ভিস চালু করা হলে এসব যাত্রীর ভোগান্তি কমানোর পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও কমবে।’ এজন্য স্বাস্থ্যবিধি অনুসরণ করে দ্রুত গণপবিহন চালুর দাবি জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন