ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত
ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ভাই নিহত এবং চালকসহ দুজন আহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফেনীর বিসিক শিল্প এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রবাসী তুষার চন্দ্র দাশ (৪০) ও তার ভাই চট্টগ্রামের মিরসরাই সসরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব চন্দ্র দাশ (৩২)। তাদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সসরত বাংলাবাজার এলাকায়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন দুর্ঘটনায় দুই ভাইয়ের নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় গাড়ির চালক সাজ্জাদ হোসেন (৩০) ও আরেক আরোহী প্রণব চন্দ্র দাশ (২৬) গুরুতর আহত হন। উদ্ধারের পর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, বড় ভাই তুষার চন্দ্র দাশ প্রবাসে ছিলেন। ছুটিতে বাড়িতে আসার পর অসুস্থ হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে ওঠায় তাকে ঢাকা থেকে বাড়িতে আনার জন্য যান ছোট ভাই বিপ্লব চন্দ্র দাশ (৩০) ও শ্যালক প্রণব চন্দ্র দাস (২৬)।
শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে একটি গাড়ি ভাড়া করে মিরসরাই ফিরছিলেন তারা। দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর এলাকায় পৌঁছায়। সেখানে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এতে দুর্ঘটনাস্থলেই তুষার চন্দ্র দাশ ও বিপ্লব চন্দ্র দাশ মারা যান।