ফাইজারের টিকার অনুমোদন দিল জাপান
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে। এটিই দেশটিতে করোনাভাইরাসের জন্য অনুমোদন পাওয়া প্রথম কোনো টিকা। আজ রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার জাপান সরকারের একটি প্যানেল টিকাটির জন্য সুপারিশ করার পর এর অনুমোদন প্রায় নিশ্চিত হয়ে যায়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী নরিহিসা তামুরা তখন বলেছিলেন, জাপান যত দ্রুত সম্ভব ফাইজারের টিকার চূড়ান্ত অনুমোদন দেবে।
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ টিকার প্রয়োগ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে ১০ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশটির সাড়ে ১২ কোটি জনগণকে করোনাভাইরাসের টিকা দেওয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছে দেশটির সরকার। বিদেশি টিকা নির্মাতাদের ওপর নির্ভরশীলতা ও টিকার ট্রায়াল স্থানীয় পর্যায়ে হওয়ার আবশ্যিকতার কারণে টিকা কর্মসূচী শুরু করতে দীর্ঘ অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে জাপান।
এদিকে, গত ২৮ জানুয়ারি দেশটির প্রধান ক্যাবিনেট সেক্রেটারি কাৎসুনোবু কাতো জানিয়েছেন, জাপানের জন্য করোনাভাইরাসের ৯ কোটি ডোজ টিকা বানাবে ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। কয়েক মাস পরে জাপানে অলিম্পিক গেমের আসর বসবে। এর মধ্যেই দেশটি করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করছে।
গত বছর করোনার তৃতীয় ও সবচেয়ে মারাত্মক ঢেউটি আঘাত হানার পরে এখনো দেশটির অধিকাংশ জায়গায় জরুরি অবস্থা জারি আছে। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে সংক্রমণ কমতির দিকে রয়েছে। জাপানে এখন পর্যন্ত ৪ লাখ ১০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৭২ জনের।
সূত্র: রয়টার্স