প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইউপি সদস্য নয়নকে অব্যাহতির সুপারিশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২ ১:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের সংক্ষিত ওয়ার্ডে সদস্য (মেম্বার) নয়ন বেগমকে অব্যহতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেনের কাছে লিখিতভাবে এ আবেদন করা হয়। এটি কার্যকরে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন ইউএনও।

এতে ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল ও ১১ জন ইউপি সদস্য সই করেন। ৯ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আওয়ামী লীগকে নিয়ে নয়ন আপত্তিকর বক্তব্য দিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়।

এদিকে একই ঘটনায় রবিবার (১১ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন বাদী হয়ে নয়ন মেম্বারের বিরুদ্ধে সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা দায়ের করেছেন।

নয়ন চররমনী ইউনিয়ন পরিষদের (৭, ৮, ৯ নং ওয়ার্ড) সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। তিনি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক।

মামলা হওয়ার পর থেকে ইউপি সদস্য নয়ন বেগমের মোবাইল ফোন নাম্বার বন্ধ রয়েছে। এতে তার বক্তব্য জানা যায়নি।

চররমনীমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের বিরুদ্ধে নয়ন মেম্বার আপত্তিকর বক্তব্য দেয়। এই ঘটনায় আমি ও আমার সদস্যরা মর্মাহত। এজন্য সবার সম্মতিক্রমে নয়নের অব্যহতি চেয়ে আমরা ইউএনওর কাছে আবেদন করেছি।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, ইউপি সদস্যকে অব্যাহতি দেওয়ার আবেদনটি পেয়েছি। এটি কার্যকরে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন