পালিয়ে যাওয়ার ৭২ ঘন্টায় আসামী গ্রেফতার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২০ ১১:০০ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামীকে ৭২ ঘন্টার অভিযানে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামী নুরনবী হোসেন রাকিব(২২) বেগমগঞ্জ উপজেলার দরাপপুর গ্রামের শফিউল্ল্যাহর ছেলে। শনিবার দুপুর আড়াইটায় জেলা শহর মাইজদীর সাতানী পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার দরাপপুর গ্রাম থেকে রাকিবকে আটক করে ডিবি পুলিশ অফিসে নিয়ে আসা হয়। বুধবার রাতে কোন এক সময় সে কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার এ ঘটনায় কর্তব্যকাজে অবহেলার জন্য পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এক সহকারী উপ পরিদর্শক ও এক কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করার আদেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান শিকদার জানান,রাকিবের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে ও পুলিশ হেফাজত থেকে পালানোর ঘটনায় সুধারাম থানায় মামলা দায়ের করা হয়েছে।দুটি মামলা গোয়েন্দা পুলিশে তদন্তাধীন আছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন