পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ জুন, ২০২০ ১১:৪০ অপরাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। যদিও এই মুহূর্তে ইউরোপের পরিস্থিতি কিছুটা ভালোর দিকে। তবে মহামারির ছয় মাস পার হলেও এখনই লকডাউনসহ

বিধিনিষেধ শিথিলের সময় আসেনি বলেও সতর্ক করেন তিনি। খবর এএফপি ও সিএনএনের।

স্থানীয় সময় সোমবার জেনেভায় এক অনলাইন সংবাদ সম্মেলনে গেব্রেয়েসুস বলেন, ‘যদিও ইউরোপের অবস্থার উন্নতি হচ্ছে, তবে বিশ্বের পরিস্থিতি খারাপ হচ্ছে।’ আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘গত ১০ দিনের ৯ দিনেই প্রতিদিন এক লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। রোববার শনাক্ত হয়েছে এক লাখ ৩৬ হাজারেরও বেশি, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।

রোববার শনাক্ত রোগীর ৭৫ শতাংশই পাওয়া গেছে মাত্র ১০টি দেশে। এর মধ্যে আবার বেশিরভাগই লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার।’

করোনার বিস্তার ঠেকাতে লকডাউন অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে শিথিল করতে শুরু করেছে অনেক দেশ। তবে এতে পরিস্থিতি আরও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়ে গেব্রেয়েসুস বলেন, ‘যেসব দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে, সেখানে এখন সবচেয়ে বড় হুমকি আত্মতুষ্টি।’

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভন কেরখোভ সাংবাদিকদের বলেছেন, উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত রোগীদের থেকে করোনা সংক্রমণের হার খুব কম। কেরখোভ বলেন, ‘আমাদের কাছে যে পরিসংখ্যান আছে তাতে দেখা যাচ্ছে, যেসব রোগীর শরীরে করোনার উপসর্গ নেই, তাদের থেকে অন্য কারও শরীরে সংক্রমণ ছড়ানোর হার খুবই কম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন