তোরাবগঞ্জে স্ত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় শ্রমিককে পেটাল আপন দুই ভাই

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২২ ৯:১২ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করায় মাহমুদুল হাসান নামে এক নির্মাণ শ্রমিককে রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় স্বামীকে বাঁচাতে এলে শারমিন আক্তারকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। হাসানের আপন দুই ছোট ভাই ফিরোজ আলম ও আরিফ হোসেন এ ঘটনা ঘটায় ।

 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগী হাসান ও শারমিন। এরআগে বুধবার (২৬ অক্টোবর) সকালে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের এমদাদ উল্যা পন্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে। হাসান একই বাড়ির নুরুল আমিনের ছেলে।

 

ভুক্তভোগীরা জানায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ফিরোজ ও আরিফ কয়েকটি মুরগি চুরি করে আনে। চুরির ঘটনায় শারমিন তাদেরকে বকা দেয়। এর জের ধরে পরদিন ভোরে ঘর থেকে বের হলে তারা শারমিনের শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকার দেওয়ায় তারা তাকে ছেড়ে দেয়। তখন শারমিনের স্বামী হাসান মসজিদে নামাজে ছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরলে হাসানকে তিনি ঘটনাটি জানায়। ঘটনাটি নিয়ে ফিরোজ ও আরিফকে জিজ্ঞেস করলে তারা হাসানের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে লোহার রড ও লাঠিসোটা দিয়ে তারা হাসানকে পিটিয়ে আহত করে। এসময় তার মাথা ফেটে যায়। স্বামীকে বাঁচাতে এসে দুই দেবরের হাতে পিটুনির শিকার হয় শারমিন।

 

বক্তব্য জানতে একাধিকবার ফোন করেও ফিরোজ ও আরিফের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

 

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল মতিন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল গিয়েছি। পরে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদেরকে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভূক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন