জাতীয় সরকার গঠন করে দেশ মেরামত করতে হবে : আমির খসরু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চুরির সঙ্গে জড়িত কোন কর্মকর্তা ও সহযোগী ছাড় পাবে না। এ আন্দোলন শুধু বিএনপির নয়, প্রত্যেক জনগণের। এটি মুক্তির আন্দোলন। সফলতা ছাড়া কেউই আন্দোলন ছেড়ে ঘরে ফিরবে না। ফ্যাসিবাদি সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এজন্য জাতীয় সরকার গঠন করে দেশ মেরামত করতে হবে। এটি তারেক রহমানও বলছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আমির খসরু এসব কথা বলেন। বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সাহাবুদ্দিন সাবুর বাসভবনে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন গরুহাটা এলাকায় বশির ভিলা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

আমির খসরু বলেন, আওয়ামী লীগ তাদের অপকর্মের কারণে আজ ভীত। তারা ভয় পেয়েই এখন বিএনপিকে ভয় লাগাচ্ছে। বিএনপি কাউকে ভয় পায় না। এক ব্যক্তির সিদ্ধান্তে দেশ চলতে পারে না। শেখ হাসিনা আওয়ামী লীগকে দেউলিয়া করেছে। জনগণ এখন আওয়ামী লীগের সাথে নেই।

তিনি আরও বলেন, জনগণের আস্থার রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। কারণ গণতন্ত্রের প্লাটফর্ম থেকে বিএনপির রাজনীতির শুরু। জিয়াউর রহমান বলে গেছেন, সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের আস্থাতেই বিএনপির আন্দোলনে বাঁধ ভেঙেছে। এ বাঁধ আওয়ামী লীগকে ভাসিয়ে নিয়ে যাবে। বাঁধ ভাঙা এ আন্দোলন কেউই রুখতে পারবে না।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামিম, সহ-সাংগঠনিক ভিপি হারুন অর রশিদ, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমানসহ অনেকে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন