ছেলের খোঁজ খবর রাখেন না শাকিব
বাবা ছেলের সবশেষ দেখা হয়েছিলো গেল বছরের ২৭ সেপ্টেম্বর। ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনের দিন সকালে বাবা শাকিব খান উপহার নিয়ে দেখা করেছিলেন মা অপু বিশ্বাসের বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনের নিচে।
এরপর থেকে বাবা ছেলের আর দেখা নেই। সময় হিসাবে সেটা প্রায় ৭ মাস। শুধু দেখা নয় মা অপু বিশ্বাসের দাবি, ছেলে জয়ের খোঁজ খবর রাখেন না শাকিব খান। সম্প্রতি অপু গণমাধ্যমে দাবি করেছেন, জয়ের বাবা শাকিব খান খোঁজ খবর রাখেন না জয়ের। এমনকি গত এক-দেড় বছরে ছেলের কোনো খরচও বহন করেন না তিনি।
যদিও এ প্রসঙ্গে শাকিব খানের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শাকিব খানের একটি ঘনিষ্ট জানান, অপু বিশ্বাস যে মন্তব্য করেছেন তা পুরোপুরি সঠিক নয়। তিনি নিজের প্রচারণার জন্য প্রায়ই এসব দাবি করে থাকেন।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করে।
এর আগে ২০০৮ সালে ১৮ এপ্রিল নিজের গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব। প্রায় ১০ বছর পর, এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এসব কারণে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব তালাকের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর জয় মায়ের সঙ্গে বসবাস করেন।