চরশাহীতে ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যারচেষ্টা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে মো. হাসান (২৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে মুখোশধারী একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় এ ঘটনায় আহত হাসানের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে দু’জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ উল্লেখিত দুই আসামির নাম প্রকাশ করেনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত হাসানের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্র জানায়, হাসান চরশাহীর তিতারকান্দি গ্রামের মনার বাড়ি এলাকার মুদি ব্যবসায়ী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাতে খাবার খেয়ে হাসান বাড়ির পুকুর ঘাটে হাটাহাটি করছিলেন। ঘটনার সময় হঠাৎ মুখোশধারী ৫-৬ জনের একদল সন্ত্রাসী বাড়ির ভেতর ঢুকে হাসানের পেটে গুলি করে। একই সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হামলাকারীরা।

এদিকে গুলির শব্দ শুনে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহত হাসানের ছোট ভাই আরাফাত ও মামা শাহজাহান জানান, শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হাসানের অপরেশন চলছিল। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন ফলপ্রসু হয়নি। হাসানের অবস্থা আশঙ্কাজনক।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন