খোয়ার পরিবর্তে রাবিশ দিয়ে রাস্তার কাজ, ক্ষোভ নির্বাহী প্রকৌশলীর; কাজ বন্ধের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর পৌরসভার একটি সড়কে খোয়ার পরিবর্তে রাবিশ ব্যবহার করে মেকাডামের কাজ করার অভিযোগ উঠেছে। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন। তিনি তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ এবং ব্যবহৃত রাবিশ অপসারণের নির্দেশ দিয়েছেন।
জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর মাওলানা রেহান উদ্দিন সড়ক ও চৌধুরী বাড়ি কানেক্টিং সড়কে মেকাডামের কাজ চলছিল। এ প্যাকেজে কাজটি পেয়েছেন মোস্তফা এন্ড সন্স। এতে মোট ৭ কোটি ৩৪ লাখ টাকা ধরা রয়েছে। কাজটি করছেন ফিরোজ উদ্দিন।
অভিযোগ রয়েছে, নির্ধারিত মানের খোয়ার পরিবর্তে নিম্নমানের মালামাল ব্যবহার করে কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান।
অভিযোগের ভিত্তিতে নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে অবিলম্বে কাজ বন্ধ করে নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি নির্ধারিত মান অনুযায়ী উপকরণ ব্যবহার করে পুনরায় কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা বলেন, নিম্নমানের উপকরণ ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হলে অল্প সময়ের মধ্যেই তা নষ্ট হয়ে যাবে। তারা সড়ক নির্মাণে গুণগত মান নিশ্চিত করে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তা নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত মান বজায় রেখেই প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।