কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি: রাষ্ট্রপতি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ মার্চ, ২০২১ ২:২০ অপরাহ্ণ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি।

বৃহস্পতিবার ‘বিশ্ব কিডনি দিবস-২০২১’ উপলক্ষে বুধবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি একথা বলেন। এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য ‘কিডনি রোগে সুস্থ থাকুন’।

আর্থিকভাবে অসচ্ছল কিডনি রোগীদের সহায়তায় এগিয়ে আসতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে প্রায় দুই কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে প্রায় ৪০-৫০ হাজার লোক ডায়ালাইসিস এর মাধ্যমে জীবন ধারণ করছেন। দেশের অনেক হাসপাতালে এ রোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকলেও ক্ষেত্রবিশেষে তা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল।

তিনি বলেন, কিডনি রোগ একটি নীরব ঘাতক। বর্তমানে বাংলাদেশে কিডনি রোগের প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর জীবনযাপন, ব্যথানাশক ও এন্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ব্যবহার, ভেজাল খাদ্য গ্রহণ, স্থূলতা ইত্যাদি কিডনি রোগের প্রকোপ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।

রাষ্ট্রপতি বলেন, কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শিশু, যুবক ও বৃদ্ধ সবার ক্ষেত্রেই সুস্থ কিডনির গুরুত্ব অপরিসীম।

বাণীতে রাষ্ট্রপতি বাংলাদেশ রে-নাল এসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ ও ক্যাম্পাস কর্তৃক ‘বিশ্ব কিডনি দিবস-২০২১’ পালনের উদ্যোগকে স্বাগত জানান এবং দিবসটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন