ওবায়দুল কাদেরের ভুয়া ভাগিনা শামীম লক্ষ্মীপুর থেকে হাতিয়েছে কোটি টাকা
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমাদের ভাগিনা পরিচয় দিয়ে ইস্কান্দার মির্জা শামীমসহ বেশ কয়েকজন সড়ক বিভাগে অনিয়ম করছে। আমি সড়ক বিভাগের সচিব নজরুল ইসলামকে বলেছি, ইস্কান্দার মির্জা শামীম আমাদের কেউ না। তার সাথে কোম্পানীগঞ্জের মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত, চট্টগ্রামের বাবু, আজাদ ও আনাছ অনিয়মে জড়িত। তারা যেন মন্ত্রনালয়ে ঢুকতে না পারে।
তিনি বলেন, মন্ত্রীর ভাগিনা না হয়েও ইস্কান্দার মির্জা শামীম মন্ত্রীর ভাগিনা পরিচয় দিয়ে সড়ক বিভাগের কাজ পাইয়ে দিবে বলে লক্ষ্মীপুরের মো. কাওছার হামিদ মজুমদারের থেকে দু’কোটি টাকার চেক নিয়েছে। এরমধ্যে ব্যাংক থেকে এক কোটি টাকা তুলেও নিয়েছে। তবে সে অনিয়ম করে মাইন উদ্দিন বাসী নামের লাইসেন্স দিয়ে কাজটি ভাগিয়ে নিলেও কাওছার হামিদকে কাজটি দেয়নি। মো. কাওছার হামিদ মজুমদার প্রমাণসহ আমার কাছে আজ (রবিবার ৩১ জানুয়ারি) অভিযোগ করেছে।
তিনি বরিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ফেইসবুক লাইভে এসে এসব কথা বলেন।
কাদের মির্জা আরও বলেন, নোয়াখালীর অপরাজনীতি বন্ধ না হলে শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন সত্ত্বেও বৃহত্তর নোয়াখালীতে আমাদের দলের অনেক এমপি জামানত পাবে না। তার প্রমাণ শনিবার (৩০ জানুয়ারি) চৌমুহনী পৌরসভার নির্বাচনে জনগণ দেখিয়ে দিয়েছে। ওই নির্বাচনের আগে নোয়াখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি একরামুল করিম চৌধুরী কেন্দ্রীয় নেতাদের এনে বলেছিলেন, নোয়াখালীর রাজনীতি নাকি তার নিয়ন্ত্রণে রয়েছে। সেটা চৌমুহনী নির্বাচনে প্রমাণিত হয়েছে। কোথায় গেল আপনার সেই দম্ভোক্তি। এসময় তিনি রশিকতা করে বলেন, “শরম যদি লাগে গো, ঘোমটা দিয়ে হাট গো”।
তিনি দৃঢ়তার সহিত বলেন, শেখ হাসিন ইচ্ছা করলে আগামী সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে পারেন। যদি এখন থেকে জনপ্রিয় লোকদেরকে মনোনয়ন দেন, তাহলে আগামী নির্বাচনে দল নিরঙ্কুশ সংখ্যাঘরিষ্টতা পাবে।
আবদুল কাদের মির্জা বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার সজিব ওয়াজেদ জয়ের বলেছেন, “সৎ থাকলে একটা সুবিধা আছে, কখনও ভয় পেতে হয় না। সৎ থেকে যেকোন কথা বলা যায়, যে কোন কিছু করা যায়”। আমি তার কন্ঠে কন্ঠ মিলিয়ে বলবো- সততার সহিত রাজনীতি করুন, ভয়কে জয় করুন।