একনেকের সভায় লক্ষ্মীপুরে মেঘনার ভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের দাবি
লক্ষ্মীপুর প্রতিনিধি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় লক্ষ্মীপুরের মেঘনা নদী ভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (৩১ মে) দুপুরে কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের চরফলকন মেঘনা নদীর ভাঙন এলাকা বিপুল সংখ্যক এলাকাবাসী এতে অংশ নেয়। রামগতি-কমলনগর বাঁচাও মঞ্চের উদ্যোগে এ আয়োজন করা হয়।
জানা গেছে, গত তিনযুগ ধরে রামগতি ও কমলনগর উপজেলার ৩৬ টি শিক্ষা-প্রতিষ্ঠান ও ২৬টি বাজারসহ বিস্তির্ণ জনপদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে অনেকেই আজ পথের ভিখারি। এ অঞ্চলের মানুষ বিভিন্ন সময় নদী ভাঙন রোধের প্রকল্পের দাবিতে বিভিন্ন ধরণের আন্দোলনে সমবেত হয়েছে। গত ১৭ মে পরিকল্পনা মন্ত্রীর স্বাক্ষরে এ দুই উপজেলার ৩১ কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প একনেকে উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়।
মঙ্গলবার (১ জুন) একনেকের সভায় প্রধানমন্ত্রীর অনুমোদনের লক্ষ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক এ প্রকল্প উপস্থাপন করার কথা রয়েছে। এ প্রকল্পের জন্য ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন দিলেই রামগতি ও কমলনগরের সাড়ে ৭ লাখ মানুষের জন্মভূমি নদী ভাঙন থেকে রক্ষা পাবে। প্রাণের দাবি পূরণে একনেকের দিকে তাকিয়ে আছে বিপুল এ জনগোষ্ঠী।
মানববন্ধনে বক্তব্য রাখেন চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, রামগতি-কমলনগর বাঁচাও মঞ্চের আহবায়ক এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল, সাংবাদিক সাজ্জাদুর রহমান ও ইউসুফ আলি মিঠু প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের কোন ত্রাণ বা সাহায্য চায় না। আমার নদী ভাঙন রোধ চায়। পূর্ব-পুরুষের ভিটামাটি রক্ষা চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার মনের মানুষ। একনেকের সভায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পের অনুমোদন দিয়ে তিনি এ জনগোষ্ঠীর স্বপ্ন পূরণ করবেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর জন্য দোয়া করা হয়।