এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের নির্বাচনি ইশতেহার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০১৮ ৩:০৭ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি ইশতেহারের খসরা তৈরি করতে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টায় গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধানমণ্ডির অফিসে ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটির বৈঠক শুরু হয়।

বৈঠকের আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা আজকে ইশতেহার তৈরি করার জন্য বৈঠকে বসেছি। প্রথমে ড্রাফট তৈরি করবো। পরে এটা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পাশ হবে। আজকে বৈঠক শেষ হতে ৩ ঘন্টা সময় লাগবে বলেও জানান তিনি।’

ইশতেহার তৈরির বিষয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমার চিন্তা আছে- মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, দেশের মেরামত দরকার। এগুলো চিন্তার মধ্যে আছে। দেখা যাক কী হয়।’

জাফরুল্লাহ জানান,‘ ১১ দফার ভিত্তিতে ইশতেহার করা হবে। তবে এটা আরো বিস্তিত হবে।’

আগামী এক সপ্তাহের মধ্যে ইশতেহার ছাপানো হবে বলেও জানান জাফরুল্লাহ চৌধুরী।

বৈঠকে ডা. জাফরুল্লাহ চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগের নেতা ইকবাল সিদ্দিকী, ডা. জাহেদুর রহমান, শফিকউল্লাহ উপস্থিত আছেন।

ইশতেহার প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করছে ঐক্যফ্রন্ট। এই কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে নির্বাচনি ইশতেহার তৈরি করবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন