ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন নিলেন একমাত্র নারী রেবেকা
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন রেবেকা মহসীন। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা ও হাজীরহাট মিল্লাত একাডেমীর প্রধান শিক্ষক মো. মহসিনের স্ত্রী। জেলার একমাত্র নারী হিসেবে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিলেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে তিনি মনোনয়নপত্র নেন। একইদিন দলীয় মনোনয়ন জমা দেন ওই কার্যালয়ে।
এদিকে দেশের ২০ জেলার ৩২৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এর মধ্যে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ, হাজিরহাট ও ফলকন ইউনিয়নের ওই দিন ভোট গ্রহণের কথা রয়েছে।
রেবেকা কমলনগর উপজেলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ১৪ দলীয় জোটের সন্ত্রাস জঙ্গীবাদ-নির্মূল কমিটির উপজেলা শাখার সহ-সভাপতি।এছাড়াও তিনি বৃহত্তর রামগতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
এর আগে তাকে কমলনগর উপজেলা চেয়ারম্যানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র প্রদান করেন। পরে দলীয় উচ্চ নেতাদের সিদ্ধান্তে তিনি ভোট করেননি।
রেবেকা মহসীন ছাড়াও এ ইউনিয়নে আলোচনায় আছেন বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দীন, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন মিলন, শ্রমিক লীগ নেতা মোশারেফ হোসেন রাসেল, যুবদল সমর্থিত আমজাদ হোসেন আমু, জেএসডি নেতা খুরশিদ আলম।
জানা গেছে, রেবেকা মসহীন স্থানীয় বিভিন্ন মসজিদ মাদ্রাসা, স্কুল-কলেজসহ অসহায় মানুষদেরকে সবসময়ে সহযোগীতা করে যাচ্ছেন। করোনাকালীন সময় তার ভুমিকা ছিল লক্ষ্যনীয়। এজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের লোকে আস্থা রয়েছে তার প্রতি।
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের নারীদেরকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় করেন রেবেকা মহসীন। কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত ২০০৫ সালের ২৭ নভেম্বর রেবেকা মহসিনকে সাফল্য সনদ প্রদান করেন।
রেবেকা মহসীন বলেন, দলের দুঃসময়ে আমরা অল্প কয়েকজন নারী বৃহত্তর রামগতি উপজেলায় নেতৃত্ব দিয়েছি। এখন বসন্তের কুকিলের অভাব নেই। শ্রমের কথা বিবেচনা করে দলীয় মনোনয়ন দিয়ে বিজয় করবে বলে বিশ্বাস করছেন তিনি।