আইসোলেসন শেষে পরিবারের কাছে সাকিব
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের এক হোটেলে ১৪ দিন আইসোলেশনে ছিলেন সাকিব আল হাসান। শুক্রবার যা শেষ হয়েছে তার। এরপরই তিনি ফিরে গেছেন পরিবারের কাছে। সংবাদমাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছেন সাকিবের পরিবারের এক সদস্য। সাকিব আইসোলেসনে ছিলেন পরিবার থেকে কয়েক মিনিটের দূরত্বে। যে কারণে শুক্রবার দ্রুতই তিনি ফিরে যান পরিবারের কাছে।
যুক্তরাষ্ট্রে আগে থেকেই ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা। স্ত্রী-সন্তান ও পরিজনের সঙ্গে না থেকে স্বেচ্ছায় আলাদা করে রেখেছিলেন নিজেকে। সাকিব পুরোপুরি সুস্থ আছেন। সামনের কয়েকটি সপ্তাহ পরিবার নিয়ে থাকবেন যুক্তরাষ্ট্রেই। গৃহবন্দি হয়ে থাকার ইচ্ছা সাকিব দম্পতির।
এরআগে আইসোলেটেড থাকাকালিন সাকিব নিজের নামে ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের গড়ে তোলা ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ দিয়ে দেশে বিদেশ হতে ফান্ড সংগ্রহ করবেন সাকিব। সে ফান্ড তুলে দিচ্ছেন ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামক একটি উদ্যোগে। ইতিমধ্যে যারা ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে। সেখানে সবাইকে সাহায্য করতে আহবান জানিয়েছেন সাকিব নিজে। এদিকে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ ও কনফিডেন্স গ্রুপ মিলে ডাক্তারদের প্রয়োজনীয় কিট সরবরাহের ২০ লক্ষ টাকার একটি অনুদান দেন।
নিষেধাজ্ঞার কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন সাকিব। সব কিছু ঠিক থাকলে এ বছরের অক্টোবরের শেষ দিকে দেশের জার্সিতে দেখা যেতে পারে তার।