বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত সুজন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০১৮ ১:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মো. সুজন, বয়স ২৪ বছর। তিন বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। উন্নত চিকিৎসা পেলে সুস্থ্য হয়ে তিনি আবার স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসার খরচ চালাতে পারছে না তার পরিবার। সরকার, সমাজের বিত্তবান ও সর্বস্তরের জনগণের কাছে আর্থিক সহযোগীতা চেয়ে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।

সুজন লক্ষ্মীপুরের সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ছিলাদী গ্রামের পাটওয়ারী বাড়ির কৃষক নরুল আমিনের ছেলে। তিনি নিজেও একজন কৃষক ছিলেন। তার সংসারে স্ত্রী ও দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

পরিবার সূত্র জানায়, সুজনকে সর্বশেষ চলতি বছরের ৯ অক্টোবর আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ মাহবুবুল আলমের চিকিৎসায় তিনি ওষুধ সেবন করছেন। এদিকে তাকে প্রতি ২৩ দিন পর পর ৫টি কেমো ও এক মাস পর পর ৫টি রেডিও থেরাপি দিতে হচ্ছে। এতে প্রায় ৮ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন চিকিৎসক। ধার-দেনা করে প্রথমটি দিতে পারলেও পরবর্তী চিকিৎসা চালানো পরিবারের পক্ষে সম্ভব নয়।

জানা গেছে, গত তিন বছর আগে সুজনের প্রশ্রাবের থলিতে একটি টিউমার হয়। তখন অপারেশন করে টিউমারটি ফেলে দেওয়া হয়। এরপর অসুস্থ হয়ে পড়লে ২০১৬ সালের অক্টোবরে ঢাকা একটি হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলে তার ক্যান্সার ধরা পড়ে। গত তিন বছর ধরে বড় ভাই ওমান প্রবাসী সাইফুল ইসলাম সুমন তার চিকিৎসার খরচ চালিয়ে আসছে। তার বাবাও এখন আর কাজ করতে পারছেন না। এজন্য পুরো সংসারের খরচ প্রবাসী সুমনকে চালাতে হচ্ছে। সামান্য উপার্জনে সংসারের খরচ চালাতে গিয়ে ভাইয়ের চিকিৎসার খরচ দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

এদিকে সুজনের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ছোট ভাই দিদার হোসেনের পড়ালেখায় প্রভাব পড়ছে। দিদার আগে ম্যাচে থেকে পড়ালেখা করলেও এখন বাড়িতে থাকতে হয়। এখন সাইকেল চালিয়ে প্রতিদিন তাকে বাড়ি থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে লক্ষ্মীপুর সরকারি কলেজ যেতে হয়।
দিদার হোসেন জানান, তার ভাইয়ের চিকিৎসার খরচ চালানো পরিবারের পক্ষে কষ্টসাধ্য। ভাইকে বাঁচাতে তিনি সরকার, সমাজের বিত্তবান ও সর্বস্তরের জনগণের কাছে আর্থিক সহযোগীতা চাচ্ছেন।

সহযোগীতা পাঠাতে: নাম- কহিনুর বেগম (সুজনের চাচি), হিসাব নম্বর- ০৬১২০৫০০৪৪২৫৮, ওয়ান ব্যাংক লিমিটেড, মান্দারী শাখা, লক্ষ্মীপুর ও যোগাযোগ- দিদার হোসেন, ০১৭৮৫০৯৪২৫২।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন