লক্ষ্মীপুর-৩ আসন: আ.লীগ থেকে মনোনয়ন ফরম কিনলেন সাত্তার
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন অধ্যক্ষ এম এ সাত্তার। তিনি ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি।
শুক্রবার (৯ নভেম্বর) বিকাল ৫টায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ঢাকার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সাত্তারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজু বলেন, অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের মাধ্যমে গরীব-অসহায় মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করছেন। ইতোমধ্যে এ অঞ্চলের জনগণের মন জয় করে নিয়েছেন তিনি। আশা করছি, দলীয় মনোনয়ন পেলে আগামী ২৩ ডিসেম্বরের নির্বাচনে এম এ সাত্তারকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে জয়ী করবেন এ এলাকার ভোটাররা।
এদিকে শুক্রবার জুমার নামাজের পর সাত্তারের জন্য সদর উপজেলার প্রায় সকল মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, এম এ সাত্তার লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বটতলী গ্রামের মিয়াজী বাড়ির মৃত মোহাম্মদ উল্লাহ্র ছেলে। এছাড়াও তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান।