স্বাধীনতার সময় থেকেই দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে
চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুরে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলার কচুয়ায় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. গোলাম হোসেন।
প্রধান অতিথি বলেন, “আমাদের স্বাধীনতার ইতিহাস থেকেই এ দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। যার ফলে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে প্রাণ দিতে হয়েছে। এখনও সেই চক্রান্ত চলছে। এসব মোকাবেলায় আমাদেরকে সোচ্চার হতে হবে এবং আগামীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। “
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, জেলা পরিষদ সদস্য জুবায়ের হোসেন, কচুয়া পৌর আওয়ামী লীগের সদস্য মনজুর আহমেদ সুজন প্রমুখ।
এদিকে, জেলহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া এবং মো. গোলাম হোসেনের গ্রামের বাড়ি হাশিমপুরে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শিত হয়। এসব অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা শহর চাঁদপুরেও জেল হত্যা দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীীগ সভাপতি, মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল প্রমুখ।