লক্ষ্মীপুরে ১১ দিনের রিমান্ডে ‘জঙ্গী বোমারু’ মামুনসহ দুই আসামি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল ফাটিয়ে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার হওয়া ‘জঙ্গী বোমারু’ মামুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় জাহেদুল ইসলাম জাবেদ নামে অপর এক আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, মামুনের প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। সে নব্য জেএমবির সদস্য। তার বিরুদ্ধে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এতে আদালতের বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই মামলায় জাবেদ নামে অপর এক আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালতের জারিকারক মো. মাসুদ বলেন, সোমবার আসামি মামুনের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এরআগেও তাকে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল।

রায়পুর থানা পুলিশ জানায়, ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে মামুন এক বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে। এসময়  ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তিনি পালানোর চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। মামুন পুলিশের কাছে তার প্রকৃত নাম গোপন করে। তখন তিনি নিজের নাম সাইফুল ইসলাম সুজন ও ভোলা সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন। পরে তাকে প্রধান আসামি করে ৭ জনের নামে রায়পুর থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ আরও জানায়, প্রায় ২ মাস ধরে মামুন পরিচয় গোপন করে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়িতে ভাড়া থাকতেন। আটক হওয়ার পর ৯ নভেম্বর তার মামুনের থাকার কক্ষ থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। ১০ নভেম্বর বিকেলে একই বাড়ির উঠানের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে বোমা ভর্তি দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। ১১ নভেম্বর রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধি দল কৌটাগুলোর ভেতরে শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করেন। ১২ নভেম্বর বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। মামুনকে বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন থানায় ১৬টি মামলার তথ্য পেয়েছে পুলিশ। পরে আদালত তাকে রায়পুর থানায় জিজ্ঞাসাবাদ ও ৫ দিনের রিমান্ডে দিলে তার প্রকৃত পরিচয় বের হয়ে আসে। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘জঙ্গি-বোমারু মামুন’ নামে পরিচিত। ১৭ নভেম্বর তার প্রথম রিমান্ড শেষ হলেও পুলিশে ফের ১০ দিনের রিমান্ড আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন