লক্ষ্মীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান চায় পরিবার
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে মোশারফ হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্র ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। রোববার (২৮ জানুয়ারি) বিকেল পর্যন্ত তাকে কোথায় খুঁজে পাওয়া যায়নি। এরআগে বুধবার (২৪ জানুয়ারি) সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
নিখোঁজ মোশারফ কমলনগরে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মাছ ব্যবসায়ী আবুল খায়েরের ছেলে। সে মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
মোশারফ হোসেনের বাবা আবুল খায়ের বলেন, ৪ দিন পার হলেও আমার ছেলেটি বাড়িতে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাইনি। তার সন্ধানে শুক্রবার (২৬ জানুয়ারি) কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেছি। এখনো পুলিশও কোন সন্ধান দিতে পারেনি। রামগতি ও কমলনগরে মাইকিং করেও কোন সাড়া পাইনি। আমার ছেলেটিকে ফিরে পেতে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা চাচ্ছি।
মাতাব্বর নগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলী হোসেন বলেন, ঘটনারদিন মোশারফ মাদ্রাসায় এসেছে। ছুটির পর সে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও তাকে খুঁজে পেলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ রইলো।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। জিডি হয়ে থাকলে তদন্তকারী কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিবেন।