নোয়াখালীতে হাঁস ধান খাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে আলেয়া বেগম (৫০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম ওই গ্রামের সোলেমানের স্ত্রী।

 

নিহতের স্বজনরা জানায়, গতকাল সকালে বাড়ির পাশে নিজেদের জমির ঝরে পড়া ধান কুড়িয়ে আনতে যান আলেয়া বেগম। এ সময় প্রতিবেশী রেজিয়া বেগমের সঙ্গে হাঁসের ধান খেয়ে ফেলা নিয়ে কথা-কাটাকাটি হয় তার। একপর্যায়ে লাঠি দিয়ে আলেয়ার মাথায় আঘাত করেন রেজিয়া। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সেলিম অভিযোগ করে বলেন, ‘রেজিয়া বেগমের হাঁস আমাদের ধান খেয়ে ফেলে। এ নিয়ে আমার মা কথা বললে তারা আমার মায়ের সঙ্গে ঝগড়ায় জড়ায়। পরে তারা আমার মাকে লাঠি দিয়ে মাথায় পিটিয়ে গুরুতর আহত করে। তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।’

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন