রায়পুরে ধানসিঁড়ি খেলাঘরের সম্মেলন
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় শিশু-কিশোর সংঠনের (খেলাঘর) ধানসিঁড়ি শাখার সম্মেলন হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন হয়। নীতি-নৈতিকতার অবক্ষয়রোধে এসো লড়ি, শিশুবান্ধব অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি -এ শ্লোগানে আয়োজন করা হয়।
খেলাঘরিয়ান জয়দেব চন্দ্র নাথের সভাপতিত্বে ও মাহমুদ সানির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ রহিম। বিশেষ অতিথি ছিলেন খেলাঘর জাতীয় পরিষদের সদস্য শংকর মজুমদার।
বক্তারা বলেন, সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। ভালো মানুষ হয়ে দেশ ও জাতীর কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলেই বিবেকবোধ স্বার্থক হবে। শিশু-কিশোরদের প্রতি মানবিক আচরণ তাদের স্বাভাবিকভাবে বেড়ে উঠাতে সহায়ক সিঁড়ি হিসেবে কাজ করে।
পরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র নাথকে সভাপতি ও সহকারী শিক্ষক রুবিনা আক্তারকে সাধারণ সম্পাদক করে রায়পুর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।