লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ বিজয়ী ও রানার্সআপ হয়েছে বিডি ক্লিন। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে লক্ষ্মীপুর স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলসহ অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান কামাল, লক্ষ্মীপুর কৃষি বিপনন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মনির হোসেন, হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক নাছির উদ্দিন, প্রথম আলো বন্ধু সভার লক্ষ্মীপুর শাখার সভাপতি সান্তন দাস ও সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু প্রমুখ।

আয়োজকরা জানায়, প্রথম আলো বন্ধু সভা, রেড ক্রিসেন্ট সোসাইটি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ও বিডি ক্লিনের এক ঝাঁক স্বেচ্ছাসেবী সদস্য খেলায় অংশগ্রহণ করে। সকাল সাড়ে ৯ টা থেকে ধাপে ধাপে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রেড ক্রিসেন্ট সোসাইটিকে হারিয়ে ফাইনালে উঠে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এবং প্রথম আলো বন্ধু সভাকে হারিয়ে বিডি ক্লিন ফাইনাল খেলে। ফাইনাল ম্যাচে ২-১ গোলে বিডি ক্লিনকে হারিয়ে বিজয়ী হয় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ। খেলা চলাকালীন একজন খেলোয়াড় পায়ে আঘাত পেয়ে আহত হন। পরে রেডক্রিস্টে সদস্যরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান।

বিডি ক্লিনের সদস্য আশরাফুজ্জামান শান্ত বলেন, ফুটবল ম্যাচের আয়োজনটি দারুণ ছিল। এতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মিলন মেলা হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠক রাজীব হোসেন রাজু বলেন, ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ছিল। স্বেচ্ছাসেবীদের মধ্যে সম্পর্কের দৃঢ়তা ও আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ফুটবল ম্যাচের আয়োজন প্রথমবারের জন্য করা হয়েছে। স্বেচ্ছাসেবীদের মধ্যে যোগসূত্র তৈরি করতে ভবিষ্যতেও এমন আয়োজন করা হবে।

লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদা ইয়াসমিন লিকা বলেন, স্বেচ্ছাসেবীরা সমাজের প্রাণ। গত করোনা মহামারীকালীন তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে। করোনা আক্রান্তদের সুস্থ্য করে তুলতে তারাই সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তাদের মিলনমেলা সত্যিই অসাধারণ হয়। খেলাধুলার প্রতি তাদের অধিক আগ্রহ রয়েছে। আশা করি, ভবিষ্যতেও তারা ভিন্নধর্মী আয়োজন উপহার দেবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন