লক্ষ্মীপুরে কাঁটা তারের বেড়ায় অবরুদ্ধ ২ পরিবার
নিজস্ব প্রতিবেদক: কাঁটা তারের বেড়ায় আটকে আছে ২ টি পরিবার। সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ ,বাইরে কাজের জন্য কিংবা বাজারে যেতে পারছে না পরিবার ২ টি । স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধির কাছে গিয়েও সমাধান পাননি বলে অভিযোগ করেছেন ভোক্তভোগী পরিবার ২টি।
গত ৪ দিন ধরে কাটা তারের বেড়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের, শহরকসবা গ্রামের বজলুর রহমান হাজ্বি বাড়ির পাশে প্রবাসী সাহাবুদ্দিন ও অসহায় ১ টি পরিবারকে এ ভাবেই কাটা তারের বেড়া দিয়ে বাড়ির রাস্তার মূলফটকসহ ২ পাশ্বে আটকে রেখেছে, এছাড়াও বেঁকু মেশিন দিয়ে রাস্তা কেটেছে একই গ্রামের আনারুল্লাহ মাঝির ছেলে মোঃ দিদার।
এ বিষয়ে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান,দীর্ঘ ১২ বছর থেকে পরিবার ২ টি এই রাস্তা দিয়ে চলাচল করতো,কিছু দিন আগে জমিটি সাবেক মালিক নুর হোসেন অন্যত্রে বিক্রি করে দেওয়ার কারনে বর্তমান জমির মালিক এসে কাটা তারের বেঁড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
সরেজমিনে দেখা যায় কাটাতারের বেড়ায় আটকে আছে প্রবাসী সাহাবুদ্দিনে ও দিন মজুর মোসলেহ উদ্দিনের পরিবার। সাহাবুদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম ও দিনমজুর মোসলেহ উদ্দিন বলেন দীর্ঘ ১২ বছর পূূর্বে থেকে আমরা ২ পরিবার এই জায়গায় বাড়ি করে বসবাস করে আসছি, দীর্ঘ ১ যুগ থেকে এই রাস্তা দিয়ে চলাচল করি , ইতিপূর্বে আমরা রাস্তার জন্য জমির পূর্বের মালিক নুর হোসেন থেকে জমি ক্রয় করতে চাইলে সে জমি বিক্রি করবে না বলে জানায় এবং আমাদের আশ্বস্ত করে এখান দিয়ে চলাচল করলে কোনো সমস্যা হবে না এবং আমাদের চলাচলের সুবিধার্থে অন্য ব্যাক্তি থেকে ১ শতাংশ জমি ক্রয় করতে বলে আমরা রাস্তার সামনে অংশে ১ শতাংশ জমি ক্রয় করি। কিন্তু গত ৪ মাস আগে জমির সাবেক মালিক নুর হোসেন আমাদের পাশ্ববর্তী প্রবাসী বেলালের কাছে জমিটি বিক্রি করে দেয়। পরে আমরা বেল্লালের কাছে ২ শতাংশ জমি কিনতে গেলে সে আমাদের বলে কোনো সমস্যা নেই আপনার হাটাচলা করতে পারেন। সাম্প্রতিক বেলাল বিদেশ চলে গেলে হঠাৎ করে বেলালের ছোট ভাই দিদার এসে রাতের বেলা আমাদের রাস্তা বেকু দিয়ে কেটে তার কাটার বেড়া দিয়ে অবরুদ্ধ করে দেয়। এতে করে আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারেনা । আমরা বাড়ী থেকে বের হতে পারছিনা ,কাজে ও বাজারেও যেতে পারছিনা।
বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বোরহান চৌধুরী বলেন, পূর্বে যদিও এদের এই রাস্তা দিয়ে চলাচলের জন্য আস্বাস্থ করেছে কিন্তু বর্তমানে সমাজের কিছু কুচক্রি মহলের প্ররোচনায় বর্তমান জমির মালিক কাটা তারের বেড়া দিয়ে বাড়ির রাস্তার মূলফটকসহ ২ পাশ্বে আটকে দিয়েছে, এছাড়াও বেঁকু মেশিন দিয়ে রাস্তা কেটে চলাচল বন্ধ করে দিয়েছে। যদি চেয়ারম্যানের কাছে ২ পক্ষের লোকজন গিয়েছে চেয়ারম্যানের সিদ্ধান্তের পূর্বে এমনটি করেছে।
জমির সাবেক মালিক নুর হোসেন বলেন, আমার ৩০ শতাংশ জমি আমি বেলালের কাছে বিক্রি করেছি। পূর্বে আমি ২ হাত করে রাস্তার জন্য দিয়েছি, পরে জমি বিক্রি করার পর বর্তমান মালিকের সাথে গাছ লাগানোকে কেন্দ্র করে তিক্ততা সৃষ্টি হয়েছে, তাই বেলালের ভাই দিদার তারকাটার বেড়া দিয়ে দিছে।
পাশেই অভিযুক্ত জমির বর্তমান মালিক দিদারের বাড়ী। সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এগিয়ে আসেন। এবং জানান, আমাদের ক্রয়কৃত জায়গায় আমি বেড়া দিয়েছি। স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য লোকজনও এ বিষয় নিয়ে একাধিকবার বসেছেন। আমরা এখানে বাড়ি করবো বাড়ির উপর দিয়ে তো আরেক বাড়ির রাস্তা দেওয়া সম্ভব না।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোসলেহ উদ্দিন জানান,এ বিষয়ে কোনো লিখিত পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।