নেশার লাটিম ঝিম ধরেছে রায়পুরে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি করায় আবদুস সাত্তার (৫৬) নামের এক ব্যক্তির ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের টিসি সড়ক এলাকায় সাত্তার জনউপদ্রব সৃষ্টি করেছিল। জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তাকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। সাত্তার পৌরসভার দেনায়েতপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঘটনার সময় আবদুর সাত্তার মাদক সেবন করে জনসাধারণ শান্তি বিনষ্ট করেছে। তিনি স্থানীয় লোকজনের সঙ্গে উশৃঙ্খল আচরণ করেন। খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আমিরুজ্জামানের সহযোগিতায় রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাত্তার প্রায় রাতে গাঁজা ও স্থানীয়ভাবে তৈরী বাংলা মদ সেবন করে রাস্তা-ঘাটে মাতলামি করে। তাকে বুঝিয়েও স্বাভাবিক করা যায় না। বরং তিনি লাটিমের মতো ঘুরে মারমুখি হয়ে উঠেন। রাতে ভ্রাম্যামান আদালতে সাজা দেওয়ার পর সাত্তারকে সরলদৃষ্টে দেখা গেছে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী আবদুর সাত্তারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন