কমলনগরে পরকিয়ার জেরে যুবক হত্যায় ৫ বন্ধুর যাবজ্জীবন
প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ80SHARES
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে মাকছুদুর রহমান নামে এক টি বয়কে হত্যার দায়ে ৫ আসামির সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমলনগরে মুক্তিযোদ্ধা ক্লাবের টি বয় মাকছুদুর রহমানকে হত্যার ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার আসামি মাহমুদুল হাসান হিরু পলাতক রয়েছে। বাকি ৪ জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোবারক হোসেন, মানিক হোসেন, মাহমুদুল হাসান হিরু, আরাফাত আরেফিন ও বাবুল হোসেন। পলাতক হিরু হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে মৃত মহসিন মাষ্টারের ছেলে।
এজাহার সূত্র জানায়, কমলনগরের হিরুর মা রেবেকা বেগমের সঙ্গে প্রায় ৯ মাস ভিকটিম মাকছুদের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে হিরু অন্যান্য আসামিদের নিয়ে মাকছুদকে হত্যা পরিকল্পনা করে। মাকছুদ চরলরেঞ্চ বাজারের মুক্তিযোদ্ধা ক্লাবের টি বয় ও চরলরেঞ্চ গ্রামের এনায়েত উল্যার ছেলে। মাকছুদ বাজারের নৈশ প্রহরীর কাজও করতেন। ২০১৬ সালের ২৮ মে রাত স্থানীয় সাইক্লোন শেল্টারের ছাদে একত্রিত হয়ে মাকছুদকে মারার পরিকল্পনা করে আসামিরা। এতে ৩০ মে রাতে মাকছুদ বাজারের সরকারি দিঘীর দক্ষিণ পাড়ে বাথরুমে আসে। সেখান আগ থেকে হিরুসহ আসামিরা ওঁৎ পেতে ছিল। মাকছুদ আসা মাত্রই লাঠি দিয়ে পেছন থেকে তার মাথায় হিরু আঘাত করে। এতে তিনি মাটিতে লুটে পড়ে। পরে অন্যান্য আসামিরা তার হাত পা চেপে ধরে। এসময় হিরুসহ আসামিরা রশি দিয়ে তার গলায় প্যাঁচ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হয়ে আসামিরা তার (মাকছুদ) গোপন অঙ্গ কেটে ফেলার জন্য তাকে উলঙ্গ করে। পরে গোপন অঙ্গ না কেটেই স্থানীয় একটি বাথরুমের ট্যাংকির ভেতর তার মরদেহ ফেলে দেয় আসামিরা। পরে মাকছুদকে খুঁজে না পেয়ে তার ভাই বেলাল হোসেন কমলনগর থানায় লিখিত অভিযোগ করেন। ৫ জুন সকালে খবর পেয়ে স্থানীয় তহশিলদার বাড়ির বাথরুমের টাংকির কাছে মাকছুদের কাপড়ছোপড় উদ্ধার করে তার ভাই। পরদিন সকালে পুলিশ ওই টাংকি থেকে মাকছুদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বেলাল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।
২০১৭ সালের ৩১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সায়েদুর রহমান ভূঁইয়া আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার প্রথম আসামি শরীফ মারা গেছেন। এজন্য অপর ৫ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।