লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীর ৫ বছর জেল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরে ৫২ পিস ইয়াবা রাখার দায়ে পুলিশের মামলায় হারুনুর রশিদ হারুন নামে এক মাদক ব্যবসায়ীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামিনে কারাগার থেকে বের হয়ে হারুন পলাতক রয়েছে। আদালতে তিনি দোষী প্রমাণিত হয়েছে। এতে আদালত তাকে ৫ বছরের সাজা দিয়েছে। অপর অভিযুক্ত শহিদ উল্যা সবুজ দোষী প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত হারুন লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার মৃত আবদুল হাসিমের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারধীন রয়েছে বলে আদালত সূত্র জানা যায়।

খালাসপ্রাপ্ত আসামি সবুজ পৌরসভার রাজিবপুর এলাকার মৃত আবদুস সোবহানের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২ ডিসেম্বর নিজ বাড়ি থেকে হারুনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তখন হারুন পুলিশকে জানায়, সবুজ তাকে ইয়াবাগুলো বিক্রি করতে দিয়েছে। এতে একই দিন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এহ্তেশামুল হক বাদি হয়ে হারুন ও সবুজের বিরুদ্দে মামলা দায়ের করেন। পরে সবুজ আদালতে উপস্থিত হয়ে জামিন নেন।

এদিকে ২০১৯ সালের ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ পহলান তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত হারুনকে কারাদণ্ড ও সবুজকে বেকসুর খালাস দেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন