রায়পুরে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে ডুবে রিসান (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পশ্চিম কাঞ্চনপুর গ্রামের ভুঁইয়া বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোর রিসান উত্তর চরবংশি ইউপির পুর্ববংশি গ্রামের রিকশাচালক মো. জাকির হোসেনের ছেলে। সে পশ্চিম কাঞ্চনপুর তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
স্থানীয় লোকজন জানান, রিকশাচালক জাকির হোসেন ও গৃহকর্মী মরিয়ম বেগম তাদের দুই ছেলে নিয়ে মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের পেছনের ভূঁইয়াবাড়ির ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিলেন। দুপুর ১২টায় কিশোর রিসান বাড়ির সামনের পুকুরে তার এক সহপাঠীর সঙ্গে খেলা করছিল। সহপাঠী অন্য ঘাট দিয়ে উঠে বাড়ি চলে যায়। কিন্তু রিসান আরেক ঘাট দিয়ে উপরে উঠতে গিয়ে পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলর আইনুল কবির মনির বলেন, খবর পেয়ে পুলিশ কর্মকর্তা ও আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিকালে মৃত কিশোরকে তাদের গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে।