লক্ষ্মীপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে বৃদ্ধের বিষপান
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে সাংসারিক অভাবের কারণে স্ত্রীর সঙ্গে অভিমান করে জয়নাল আবেদিন (৫৫) নামে এক বৃদ্ধ বিষপান করেছেন। শনিবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কাঞ্চনীবাজার এলাকার মাতু বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
জয়নাল আবেদিন ওই বাড়ির সফিক উল্লার ছেলে ও পেশায় কৃষক। বিষপানের পর তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন।
হাসপাতালে বৃদ্ধের স্ত্রী রিনা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, জয়নাল দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছেন। দু’বার তার অপারেশনও করা হয়েছে। এরপরও তিনি রোগমুক্ত হচ্ছেন না। সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অভাব অনটনের সংসারে ছেলেমেয়েদের পড়ালেখার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। পুরো পরিবারটি যেন অন্ধকারে ঘিরে রয়েছে। এজন্য সকালে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে বাড়ির পাশের রাস্তার ওপর গিয়ে জয়নাল বিষপান করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন জয়নাল আবেদিন বলেন, দু’বার পেটে অপারেশন হয়েছে। কিন্তু রোগ ভালো হয়নি। সংসারে ছেলেমেয়ের মুখে ভাত তুলে দেওয়া এখন কষ্টকর হয়ে পড়েছে। আমি ছাড়া সংসারে উপার্জন করার কেউ নেই। রোগও সহ্য করতে পারছি না।
সদর হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম মো. আফজাল বলেন, জয়নালের পান করা বিষ পরিস্কার করা হয়েছে। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।