লক্ষ্মীপুরে একই গ্রামের ৪ কিশোরী নিখোঁজ, থানায় জিডি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ মে, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার ১৬ ঘন্টাতেও ঘরে ফেরেনি ৪ বোন। তারা হলেন জোবায়দা আক্তার (১২), সিমু আক্তার (১৪), মিতু আক্তার (১২) ও সামিয়া আক্তার নিহা (১৩)। সম্ভাব্যস্থানে খুঁজেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

শনিবার (৭ মে) সকাল ৮ টার দিকে তারা উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়। কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় কমলনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন দাদি আকলিমা বেগম। রাত ১২ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, তাদেরকে খুঁজে পেতে চেষ্টা চলছে।

জোবায়দা চরবসু গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী, সিমু মৃত আবুল খায়ের চুন্নুর মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী , মিতু একই বাড়ির জয়নাল আবেদিনের মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্রী এবং নিহা শামছুল আলমের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা সম্পর্কে চাচাতো বোন।

নিখোঁজ ডায়েরি সূত্র জানায়, নিহার নানার বাড়ি চরবসু গ্রামে। তিন বোনকে নিয়ে নিহা নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়৷ কিন্তু সময়মত তারা বাড়িতে ফেরেনি। এতে খোঁজ নিলে জানতে পারে তারা নানার বাড়িতে যায়নি। সম্ভাব্যস্থানেও খুঁজেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

জোবায়দার পড়নে কমলা রঙের জামা, মিতুর পড়নে মিষ্টি রঙের জামা, নিহার পড়নে কালো ও গোলাপি রঙের জামা এবং কচু পাতা রঙের সেলোয়ার কামিজ ছিল।

চরবসু এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক বলেন, নানার বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর তারা আর ঘরে ফেরেনি। পরিবারের লোকজন তাদেরকে বিভিন্নস্থানে খোঁজ করেছিল। পরিবারের সঙ্গে তারা নোয়াখালীতে বসবাস করে। ঈদের ছুটিতে বেড়াতে এসেছিল। স্থানীয় এলাকা তারা ভালোভাবে চেনে না। কেউ তাদের সন্ধান পেলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ করেন তিনি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তাদের খুঁজে পেতে চেষ্টা চলছে। বিষয়টি তদন্তও করা হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন