রায়পুরে স্কুলছাত্রদের দিয়ে জমি দখলচেষ্টা, সভাপতি-প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয়ের ছাত্রদের দিয়ে জোরপূর্বক ব্যবসায়ীর জমি দখলচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (রায়পুর) ভূক্তভোগী ব্যবসায়ী রাসেল মিয়া এ মামলা দায়ের করেন।
বাদীর আইনজীবী নজরুল ইসলাম বলেন, মামলাটি আদালত আমলে নিয়েছেন। বিরোধপূর্ণ জমিতে স্থিতিবস্থা রাখার জন্য রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তদন্ত করে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আসামিরা হলেন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের এলকেএইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন মোল্লা ও প্রধান শিক্ষক মিজানুর রহমান। মনির মোল্লা দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
এজাহার সূত্র জানায়, ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বিদ্যালয়টির পাশে রাসেলদের ৩৯ শতাংশ জমি রয়েছে। সোমবার দুপুরে শিক্ষক মিজানুর রহমান ও সভাপতি মনির মোল্লা ঘটনাস্থল এসে ছাত্রদের নিয়ে জমির কলা, সুপারি ও নারিকেল গাছ কেটে ফেলে। সয়াবিনসহ বিভিন্ন ফসলও কেটে দেয়। তারা রাসেলদের জমিতে ছাত্রদের দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করার চেষ্টা করে। এতে বাঁধা দিলে রাসেলদের ধাওয়া করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে স্কুলছাত্রদের দিয়ে জমি দখলের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে স্কুলড্রেস পড়া ছাত্রদের ইট বহন করতে দেখা গেছে।
ব্যবসায়ী মো. রাসেল বলেন, আমাদের জমিতে জোরপূর্বক মনির মোল্লা ও মিজানুর রহমান ছাত্রদের দিয়ে রাস্তা নির্মাণের নামে দখলের পাঁয়তারা করছেন। বাঁধা দিলে তারা আমাদের মারধরের হুমকি দেয়।
প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, জমিটিতে আগে রাস্তা ছিল। খবর পেয়ে ছাত্ররা এসে আমাদের সহযোগীতা করেছে। মামলার বিষয়টি আমার জানা নেই। বিরোধীয় জমিতে রাস্তা ছাড়াও বিদ্যালয়ের আরো বিকল্প রাস্তা রয়েছে বলেও স্বীকার করেন তিনি।