নোয়াখালীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তির গায়ে কেরোসিন ঢেলে আগুন: আটক ৩

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ

জেলার সেনবাগ উপজেলায় তৃতীয় লিঙ্গের চুমকি (২৬) নামে এক ব্যক্তির গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনায় উপজেলার কাদরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজসেনবাগ গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ নারীসহ ৩ জনকে আটক করে।

এর আগে বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার নিজসেনবাগ গ্রামের রাজ্জাক পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে উপজেলার নিজসেনবাগ গ্রামের রাজ্জাক পুলিশের বাড়ির জহিরুল হক নয়নের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। পারিবারিকভাবে আগামী রোববার ওই শিশুর আকিকার অনুষ্ঠানের আয়োজ করার কথা ছিল। এমন খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজ্জাক পুলিশের বাড়ির জহিরুল হক নয়ন ঘরে আকিকার অনুষ্ঠানের টাকা চাইতে যায় তৃতীয় লিঙ্গের দুই ব্যাক্তি । এ সময় নয়নের পরিবার থেকে তাদের দুজনকে প্রথমে ২ শ টাকা দেয়া হলে তারা আরও টাকা দাবি করে। এরপর বাকবিতন্ডার একপর্যায়ে নয়নের পরিবারের সদস্যরা তাদের মধ্যে চুমকিকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ভুক্তভোগীর অভিযোগ করে।

অভিযুক্ত বিবি রহিমা জানান, হিজড়ারা তাদের কাছে ৫ হাজার টাকা দাবি করে। তারা দিতে অপারগতা প্রকাশ করলে ভয় দেখানোর জন্য হিজরা চুমকি নিজেই নিজের শরীরের আগুন ধরিয়ে দেয়।

কাদরা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি সদস্য) মেম্বার আবু বক্কর ছিদ্দিক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। অভিযুক্ত নয়নের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, নয়নের পরিবারের সদস্যদের দাবি চুমকি তাদের চুলায় আগুন ধরিয়ে দিয়ে ওই আগুন তাঁর গায়ে দেয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের ৩ জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন