দুইদিন বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস
সারাদেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার ও শনিবার (৫ ফেব্রুয়ারি) বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ জানান, শুক্র ও শনিবার দুদিনই সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে এই দুদিন পর উত্তরাঞ্চলে বৃষ্টির প্রভাব কমে আসবে। তখনো দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির আভাস থেকে যেতে পারে। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা আরো একটু কমে আসবে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
গতকাল তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১৪ দশমিক ৬, চট্টগ্রামে ১৫ দশমিক ৫, সিলেটে ১৫ দশমিক ৪, রাজশাহীতে ১৩ দশমিক ৫, রংপুরে ১২ দশমিক ৮, খুলনায় ১৮ দশমিক ৫ এবং বরিশালে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।