আশরাফুলকে দেশাদ্রোহী বলায় বিসিবির কাঠগড়ায় নান্নু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ

মোহাম্মদ আশরাফুলকে নিয়ে বাজে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিপিএলের সিজন টু-তে আশরাফুল স্পট ফিক্সিং করে সাজা পেয়েছেন।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ৫ বছর এবং ঘরোয়া সকল ধরণের ক্রিকেটে ৩ বছরের জন্য বহিস্কৃত হয়ে সেই সাজা ভোগ করেছেন। খেলছেন এখন ঘরোয়া ক্রিকেট। অথচ, বিসিবির প্রথম শ্রেনীর চুক্তিবদ্ধ ক্রিকেটার আশরাফুলকে প্রধান নির্বাচক দেশাদ্রোহী বলেছেন।

বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানকে এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুলকে নিয়ে নান্নুর এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। আশরাফুল সম্পর্কে প্রধান নির্বাচকের এভাবে ব্যক্তিগত আক্রমনকে ভাল চোখে দেখছেন না বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বোর্ড সভাপতির কাছে ব্যাপারটা নিয়ে কথা বলবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন জালাল ইউনুস- ‘সে (আশরাফুল) একজন বর্তমান খেলোয়াড়। আবার সাবেক অধিনায়কও। যেহেতু সে এখনও আমাদের অধীনে খেলছে সেহেতু এভাবে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক হয়নি। যেটা হয়েছে, আমি শুনেছি এটা নিয়ে আমাদের আলাপও হয়েছে। দেখা যাক, এটা নিয়ে আমরা বোর্ড সভাপতির সাথে আলাপ করবো।’
বিসিবিতে দায়িত্বপূর্ণ পদে থেকে প্রধান নির্বাচকের এমন মন্তব্য করা ঠিক হয়নি বলে মনে করছেন জালাল ইউনুস- ‘বোর্ডের একটা দায়িত্বপূর্ণ অবস্থানে থেকে কারও ব্যাপারে এভাবে ব্যক্তিগত আক্রমণ না করাটাই ভালো হতো। ’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন