হামছাদীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়ি ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী আনারসের সমর্থক জহিরুল ইসলামের বাসার ইটপাটকেল ছোঁড়া হয়েছে। এসময় বাসার দুটি জানালার কাঁচ ভাঙচুর করার অভিযোগ উঠে। শুক্রবার রাত ২ টার দিকে উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা ঘটে।
জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী (আনারস) নজরুল ইসলামের সমর্থক। এতে ক্ষিপ্ত হয়ে এমরান হোসেন নান্নু (নৌকা) লোকজন আমার বাড়িতে হামলা করেছে। আমি এ ঘটনার বিচার চাই। ঘটনাটি তাৎক্ষনিক আমি প্রশাসনকে জানিয়েছি।
আনারসের সমর্থকের বাসায় হামলার ঘটনায় নান্নু বলেন, জহির প্রতারক। তিনি এলাকার মানুষের সঙ্গে অনেক প্রতারণা করেছেন। এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। নিজেই নিজের বাড়িতে হামলা করিয়ে আমার ওপর দোষ দিচ্ছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, বিষয়টি ফোনে আমাকে জানিয়েছে। বাড়ি ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে রোববার (২৬ ডিসেম্বর) উত্তর হামছাদীসহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোট হবে।