লঞ্চে অগ্নিকাণ্ড:মৃতের পরিবার পাবে দেড় লাখ, আহতদের চিকিৎসা ফ্রি’

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী বলেছেন, ‘লঞ্চে আমাদের হিসাব মতে ৩৫০-এর মতো যাত্রী ছিল। তবে এর বেশি থাকলে তদন্ত করে দেখা হবে। তা ছাড়া লঞ্চের ফিটনেস ঠিক আছে বলে জানতে পেরেছি। মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ যাত্রীদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় লঞ্চে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একজন যুগ্ম সচিবকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চে অগ্নিকাণ্ডে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি না, তা এখনই বলতে পারছি না।’

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি কমিটি করা হয়।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের চলন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে শিশুসহ এখন পর্যন্ত ৪০ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছে শতাধিক মানুষ। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে বলে জানা যায়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন